ইউনুসের চোখ ওয়ানডেতে
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
টেস্টে স্মরণীয় এক পারফরম্যান্সের পর এবার ওয়ানডে ক্রিকেটেও ফিরতে চান পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান। গত শনিবার হারারেতে প্রথম টেস্টে ২২১ রানে পাকিস্তানের জয়লাভের পর একটি নিউজ চ্যানেলকে ইউনিস বলেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে আমি অবসর নেইনি এবং এই ভার্সনে আমি ক্রিকেট খেলতে চাই; কিন্তু নির্বাচকরা আমাকে সে সুযোগ দিচ্ছেন না।’
এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাইরে থাকা ইউনিস পুনরায় পাকিস্তান দলে ফিরে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ভর করেই স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়লাভ করে পাকরা। কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে সীমিত ওভারের সিরিজেও সাবেক এ অধিনায়ককে উপেক্ষা করেন নির্বাচকরা।
তবে ইউনিস বলেন, তিনি ওয়ানডে থেকে অবসর নেননি এবং তিনি জানতেন এ ফরমেটে এখনো তিনি খেলতে পারেন। ইউনিস বলেন, ‘সুযোগ এলে আমি তা গ্রহণ করতে প্রস্তুত।’ কঠিন লড়াইয়ের জন্য দুর্বল জিম্বাবুয়ের প্রশংসা করেন ইউনিস। তিনি বলেন, ‘ম্যাচটি পাঁচ দিন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জিম্বাবুয়েকে ধন্যবাদ দেয়া উচিত বলে আমি মনে করি। তারা কঠিন লড়াই করেছে এবং তাদের বোলিং ছিল বেশ সুশৃংখল। তাদের বোলিংয়ের বিরুদ্ধে রান করাটা খুব সহজ ছিল না।’
তিনি আরো বলেন, ‘তারা আমাদের বেশ চিন্তায় ফেলে দিয়েছে; কিন্তু পুরো ম্যাচেই আমরা জানতাম সিনিয়রদের দাঁড়িয়ে যেতে হবে এবং যে কোন একজনকে দায়িত্ব নিতে হবে। এই ইনিংসটি আমাকে যথেষ্ট সন্তুষ্টি এনে দিয়েছে। কেননা, দলের সঠিক সময়েই ইনিংসটি আমি খেলতে পেরেছি।’
ইউনিস বলেন, ম্যাচ উইনিং এই ইনিংসটি তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী সিরিজের জন্য সঠিক পথে রেখেছে বলে মনে করছেন তিনি। তিনি আরো বলেন, ‘বিশ্বমানের বোলিং আক্রমণসহ দক্ষিণ আফ্রিকা আরো অনেক বেশি কঠিন প্রতিপক্ষ; কিন্তু আমাদের প্রস্তুতির জন্য এটি একটি সঠিক সিরিজ।’ - বাসস