চট্টগ্রাম উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়ার সকল বিষয়ের ফাইনাল আজ

চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের সকল বিষয়ের ফাইনাল খেলা আজ সোমবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ছাত্র গ্রুপের ফাইনালে বান্দরবান সরকারি স্কুল ও চট্টগ্রামের কুমিরা আবাসিক স্কুল পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি শুরু হবে বিকাল ৩টায়। ছাত্রী গ্রুপের ফুটবল ফাইনালে অংশগ্রহণ করবে রাঙ্গামাটির ঘাগড়া স্কুল ও খাগড়াছড়ির মাইসছড়ি স্কুল। খেলাটি হবে বিকাল ৪টায়। শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে ছাত্রদের হ্যান্ডবল ফাইনালে খেলবে বান্দরবানের কোয়ান্টাস কসমো স্কুল ও স্বাগতিক চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল। খেলাটি শুরু হবে বিকাল ৩টায়। একই মাঠে বিকাল ৪টায় ছাত্রীদের হ্যান্ডবল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে নোয়াখালীর পাঁচগাও বালিকা স্কুল ও খাগড়াছড়ির সিঙ্গানালা স্কুল। শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে ছাত্রদের কাবাডি ফাইনালে চট্টগ্রামের শাহ ওয়ারী উল্লাহ ইনস্টিটিউট ও ফেনীর বিষ্ণুপুর স্কুল মুখোমুখি হবে। ছাত্রীদের কাবাডি ফাইনালে মোকাবেলা করবে স্বাগতিক স্কুল ও বান্দরবান সরকারি স্কুল খেলাটি শুরু হবে বিকাল ৪টায়। শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব মোহাম্মদ মাহবুব হাসান প্রধান অতিথি হিসাবে পুরস্কার দেবেন।