আজ দ্বিতীয় সেমিফাইনাল
মুখোমুখি সেই ভারত-মালদ্বীপ
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে বলা হচ্ছিল ‘হট ফেভারিট’। যদিও প্রথম রাউন্ডে তারা এই খেতাবের প্রতি সুবিচার করতে পারার মতো খেলেনি। তারপরও তারা সেমিফাইনাল খেলছে। আজ চলতি কাঠমান্ডু সাফের দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে ভারত। দশরথ স্টেডিয়ামে আজকের সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায়।
ইতিহাসের হিসেবে আজকে ফেভারিট ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের গত সাতবারের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারত ২০১১ সালে দিল্লীতে অনুষ্ঠিত সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই মালদ্বীপকেই মোকাবিলা করেছিল।
বিপরীতে মালদ্বীপ এ পর্যন্ত সাফের চারটি ফাইনাল খেলছে। এর মধ্যে তিনবার ভারতের বিরুদ্ধে একবার বাংলাদেশের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন হয়েছে ২০০৮ সালে ঘরের মাঠে।
কিন্তু ইতিহাস বাদ দিয়ে এই টুর্নামেন্ট বিবেচনায় নিলে মালদ্বীপকে এগিয়ে রাখতে হবে। এবারের টুর্নামেন্টে ভারতের এই সেমিফাইনাল পর্যন্ত আসা অনেকটাই ভাগ্যের আর রেফারির বদান্যতায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু হয়েছিল। ১-০ গোলে জেতা সেই ম্যাচের গোলটা পাকিস্তানের ডিফেন্ডার ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে ভারত পিছিয়ে ছিল নির্ধারিত সময়ে। ঘোষিত অতিরিক্ত তিন মিনিটেও ফল তাই ছিল। কিন্তু বিস্ময়করভাবে আরো এক মিনিট ম্যাচ বেশি পরিচালনা করেন রেফারি; যেখানে এক বিতর্কিত ফ্রি-কিক থেকে সমতায় ফেরে ভারত। গ্রুপের তৃতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ভারত। এই ম্যাচেও শেষ মুহূর্তে নেপালের বদান্যতায় এক গোল করে ২-১ ব্যবধানে হেরে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা।
মালদ্বীপ তুলনামূলক দুর্বল গ্রুপ থেকে এলেও নিজেদের প্রবল প্রতাপ দেখিয়ে এসেছে তারা। বি গ্রুপ চ্যাম্পিয়ন মালদ্বীপ প্রথম ম্যাচে ১০-০ গোলে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে ৮-২ গোলে ভুটনাকে উড়িয়ে দেয়। মালদ্বীপের তারকা ফুটবলার আলী আশফাক দুই ম্যাচে ১০ গোল করেছেন। এই উড়তে থাকা মালদ্বীপের বিপক্ষে ভারত আজ আগে থেকেই একটু দুর্বল হয়ে মাঠে নামবে; অধিনায়ক সুনীল ছেত্রী হলুদ কার্ডের কারণে আজ সেমিফাইনালে খেলতে পারবেন না।