ইনজুরিতে স্টারিজ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন ড্যানিয়েল স্টারিজ। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা তিন ম্যাচে জয়সূচক গোল করে নিজের দল লিভারপুলকে একাই টেনে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু এই সময়টাতে থাই ইনজুরি জাতীয় দলের হয়ে মাঠেই নামতে দিচ্ছে না স্টারিজকে। গত শুক্রবার মালদোভার বিপক্ষের ম্যাচে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি এই স্ট্রাইকার। আগামী মঙ্গলবার ইউক্রেনের বিপক্ষেও মাঠে নামতে পারছেন না স্টারিজ।
স্টারিজ ছাড়াও ইনজুরিতে ভুগছেন আরেক ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। তাই ইংল্যান্ডের কোচ রয় হজসন চাইছিলেন এই ম্যাচে স্টারিজকে মাঠে নামাতে। শনিবার এক বিবৃতিতে হজসন বলেন, ‘ইংল্যান্ডের মেডিকেল স্টাফরা তার সাথে নিয়মিত যোগাযোগ করছে। কিন্তু কিয়েভে মঙ্গলবারের ম্যাচে খেলার জন্য সে এখনো প্রস্তুত নয়।’ তাই মঙ্গলবারের ওই ম্যাচে রিকি ল্যামবার্টের কাঁধেই ইংল্যান্ডের আক্রমণ ভাগের ভার থাকবে। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ১৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পরেই আছে ইউক্রেন।