সরকার নির্বাচন বানচাল করতে চাইছে

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, সরকার তার মেয়াদেও শেষ প্রান্তে এসে আগামী জাতীয় নির্বাচন বানচাল করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। গতকাল রবিবার বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। রফিকুল ইসলাম বলেন, সরকার ইতিমধ্যেই দলীয় অনুগত ব্যক্তিদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়ে নির্বাচন করার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু দেশের ৯০ ভাগ মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি সরকার উপক্ষো করে চলেছে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ প্রত্যেক আসনে জামানত হারাবে। তাই তারা জনগণের দাবি উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা বার বার বলছে। বিবৃতিতে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ আটক সকল বিরোধী দলীয় নেতাকর্মীকে মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি