রাসায়নিক হামলার ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৪
সিরিয়ায় রাসায়নিক হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত ১৩ টি ভিডিও প্রকাশ করেছে দেশটি। ভিডিওতে দেখা যায়, টাইলস করা মেঝেতে বেশ কিছুক্ষণ শ্বাসকষ্টে ধড়পড় করছেন এক ব্যক্তি। উদোম লোকটির শ্বাস-প্রশ্বাস একসময় বন্ধ হয়ে যায়। তার মতো একটি শিশুও ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর সিএনএন’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এই ভিডিও সিরিয়ায় হামলার সমর্থন জোগাতে সাহায্য করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো ভিডিওগুলো গতকাল রবিবার প্রকাশ করা হয়। ভিডিগুলোতে দেখা যায়, হামলাস্থলে আক্রান্ত ব্যক্তিরা পানি পানি বলে চিত্কার করছেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এসব ভিডিওকে ভয়াবহ আখ্যা দিয়ে রাসায়নিক অস্ত্র হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দাবির যথার্থতা প্রমাণিত হয়েছে বলে মনে করছে মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক পরিষদ। তবে রাসায়নিক হামলার জন্য যে সিরিয়ার সরকারই দায়ী সেই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি ভিডিওতে।