রাজশাহী ও মৌলভীবাজারে জামায়াত-শিবির-পুলিশ সংঘর্ষে আহত ২৪

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রশিবির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গ্রেফতার এড়াতে আহত ছাত্রশিবির নেতা-কর্মীদের অজ্ঞাত স্থানে চিকিত্সা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতিসহ সকল জামায়াত-শিবির নেতা-কর্মীর মুক্তির দাবিতে রবিবার বেলা ১১টার দিকে নগরীর শালবাগান পাওয়ার হাউজের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শালবাগান মোড়ে পৌঁছালে সেখানে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ছাত্রশিবির নেতা-কর্মীরা ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। এদিকে মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জুড়ীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দুটি গাড়ি ভাঙচুর করে। রবিবার সকাল ও বিকালে থেমে থেমে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উপজেলার ও জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৫ জনকে আটক করেছে। সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ সাতক্ষীরা প্রতিনিধি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। রবিবার সকালে শহরের আমতলা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে তারা ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।