জাবি ছাত্র জুবায়ের হত্যা
১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এর মাধ্যমে মামলার বিচার শুরু হলো।
অভিযুক্তরা হলেন, একই বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, জাহিদ হাসান, ইসতিয়াক মেহবুব অরূপ ও কামরুজ্জামান সোহাগ, পরিসংখ্যান বিভাগের শফিউল আলম সেতু ও অভিনন্দন কুন্ডু অভি, ইতিহাস বিভাগের মো. মাহমুদুল হাসান মাসুদ ও মাজহারুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের মো. নাজমুল হুসেইন প্লাবন, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং দর্শন বিভাগের ছাত্র মো. রাশেদুল ইসলাম রাজু। হাইকোর্ট থেকে তারা এ বছর জামিন পান। এদের মধ্যে দুই আসামি মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু গত বছরের ১৫ জানুয়ারি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেন।
গতকাল রবিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন অভিযোগপত্রভুক্ত ১৩ আসামি জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ অভিযোগ গঠন করেন। এসময় কাঠগড়ায় থাকা আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করায় আগামী ১২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের আট জানুয়ারি বিকেলে জাবির ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জুবায়ের।