ফিলিপাইনে বিদ্রোহীদের হামলায় নিহত তিন অপহূত ২০

সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীদের হামলায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া প্রায় বিশজনের মতো বেসামরিক নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে বিদ্রোহীরা। সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা সোমবার ভোরের দিকে সূর্যোদয়ের আগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জামবোয়ানগা নগরীর প্রান্তদেশের কয়েকটি গ্রামে হামলা চালায়। জামবোয়ানগার মেয়র এবং সামরিক কর্মকর্তাদের বক্তব্য অনুসারে ঐ ঘটনায় নৌবাহিনীর একজন সৈনিকসহ তিনজন নিহত হয়েছে এবং বিশজনের মতো সাধারণ মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। সেনা কর্মকর্তারা বলেছেন, তারা হাসপাতাল এবং স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে কিন্তু সংঘর্ষ অব্যাহত আছে। এদিকে, ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ নগরীর বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে।