আবারও জেমসের দখলে হিন্দি টপচার্ট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
জেমস মানেই যেন তারুণ্যের উচ্ছ্বাস, এক অনন্য আলোড়ন। আর এই উচ্ছ্বাস-আলোড়ন-তোলপাড় শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশজুড়ে। ‘না জানে কয়ি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ গানগুলো দিয়ে জেমস একাধিকবার বলিউডের অডিও শিল্পে তোলপাড় সৃষ্টি করেছেন। শুধু তোলপাড়ই নয়, বলিউড টপচার্টের শীর্ষে দিনের পর দিন অবস্থান করেছেন তিনি। ঠিক তারই ধারাবাহিকতায় যেন নতুন উত্তেজনা সৃষ্টি হলো রক গানপ্রেমীদের। ‘ওয়ার্নিং’ ছবিতে জেমসের গাওয়া ‘বেবাসি’ গানটি ইউটিউবসহ ভারতীয় স্যাটেলাইট চ্যানেলে মুক্তি পায় গত সপ্তাহে। আর মুক্তির পর থেকেই ‘বেবাসি’ নিয়ে ব্যাপক আলোচনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে জেমস ভক্তদের ‘বেবাসি’ গান নিয়ে আলোচনারও যেন শেষ নেই। গতকাল থেকে এই গানটি বলিউড অডিও টপ চার্টে অবস্থান করছে। জেমস এই মুহূর্তে ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ইমেইলে জানান, ‘বিভিন্ন সামাজিক সাইটে শ্রোতাদের রেসপন্স দেখে আমি আসলেই মুগ্ধ। তাদের জন্য এভাবেই হঠাত্ করে কিছু গান আমি উপহার দিতে চাই নিয়মিত।’