কৃষি গবেষণায় প্রয়োজন সময় উপযোগী কোর্স কারিকুলাম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
কৃষি শিক্ষায় যুগোপযোগী কোর্স কারিকুলাম শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, আধুনিক প্রযুক্তিগত ও নিত্যনতুন গবেষণায় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আপডেট করা দরকার। বিজ্ঞানের জয়যাত্রায় পিছিয়ে নেই কৃষি বিজ্ঞান। কৃষির উপর দিন দিন আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন গবেষণা। গবেষণায় ব্যবহার হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করছে। কৃষি বিজ্ঞানীদের অবদান ক্রমাগত বেড়েই চলছে। আর সে জন্য উচ্চ শিক্ষায় কৃষিকে যুগোপাযোগী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স কারিকুলাম আপডেট করা সময় উপযোগী। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি ২ থেকে ৩ বছর পর পর প্রণীত কোর্স কারিকুলামে পরিবর্তন আনা প্রয়োজন। রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট নয়। আধুনিক প্রযুক্তিগত কোর্স কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাকে আরো প্রযুক্তিগত গবেষণামুখী করতে হবে। গবেষণায় উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের গবেষণার আপডেট খবর জানতে হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জাহিদুল হক-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশ (বিমক)-এর সদস্য অধ্যাপক ড. মো. আকতার হোসেন। অধ্যাপক ড. মো. সারোয়ার হোসাইন-এর স্বাগত বক্তব্যে কর্মশালায় মূল প্রবন্ধ রচনা করেন অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, ট্রেজারার অধ্যাপক ড. মো. হযরত আলী, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ।
সেমিনারে আরো জানানো হয়, শীর্ঘই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান সম্মত একটি আপডেট কোর্স কারিকুলাম চালু হতে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আরো গতিশীল করবে। শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হবে জানার আগ্রহ।
প্রধান অতিথি বলেন, অবকাঠামো ও প্রযুক্তিগত উত্কর্ষ সাধনে শেকৃবি অনেক দূর এগিয়েছে। কোর্স কারিকুলামে আধুনিকতা আনতে পারলে এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা আরো বেশি গবেষণায় ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে হেকেপ প্রজেক্ট-এর আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার শেকৃবির জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং-এর অধ্যাপক ড. মো. সারোয়ার হোসাইন জানান, বিভিন্ন বিশেষজ্ঞকে নিয়ে এবং দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম পর্যালোচনা করে শেকৃবির আধুনিক কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছে। আশা করছি এটি কৃষি শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণের জন্য যুগোপযোগী হবে।