পল্লবীতে পোশাক কারখানা ভাংচুর
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস স্থানান্তরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা ঐ গার্মেন্টস ভাংচুর করেছে। শ্রমিকরা দাবি করেছে, তাদের তিন মাসের পাওনা বেতন দিয়ে তবেই গার্মেন্টস স্থানান্তর করতে হবে। পরে মালিকের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, পল্লবীর পূরবী সিনেমা হল কমপ্লেক্সের ৪র্থ ও ৫ম তলায় ডেকো গ্রুপের একটি গার্মেন্টস রয়েছে। কয়েকদিন আগে বিজিএমইএ’র পরিদর্শক দল গার্মেন্টসটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এর প্রেক্ষিতে ঐ গার্মেন্টসের মালিক কারখানাটি গাজীপুরে স্থানান্তর করার উদ্যোগ নেন। ১ সেপ্টেম্বর থেকে গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করা হয়। রবিবার রাতে গার্মেন্টস থেকে যন্ত্রপাতি স্থানান্তরের উদ্যোগ নিলে শ্রমিকরা বাধা দেয়। সোমবার সকালে ঐ গার্মেন্টসের সামনে ৪/৫শ’ শ্রমিক জড়ো হয়। শ্রমিকরা তাদের চাকরিচ্যুতির পাওনা হিসাবে ৩ মাসের মূল বেতন দাবি করে। এ নিয়ে শ্রমিকরা গার্মেন্টসের সামনে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে শ্রমিকরা গার্মেন্টেসে প্রবেশ করে ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে গার্মেন্টস মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয়। পরে শ্রমিকদের ৩ মাসের মূল বেতন পরিশোধের আশ্বাস দেয়ার পর ফ্যাক্টরির যন্ত্রপাতি স্থানান্তরের কাজ শুরু হয়।