উত্তরায় চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
উত্তরায় বাসার সামনে থেকে চালককে কুপিয়ে প্রাইভেটকার নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত চালক মফিজুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের গাড়ির চালক। সোমবার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঐ ভবনের নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।
সংশ্লিষ্ট গ্রুপের এক কর্মকর্তা জানান, সকালে মফিজুর রহমান বাসার সামনে গাড়ি রেখে পরিষ্কার করছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে আসা চার যুবক তার কাছে গাড়ির চাবি চায়। চাবি দিতে রাজি না হওয়ায় এক পর্যায় তারা মফিজুরের বাঁ হাতে চাপাতি দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। মফিজুরের চিত্কারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করে।
উত্তরা পশ্চিম থানার একজন সাব-ইন্সপেক্টর জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বাড়ির নিরাপত্তা কর্মীর হাত থাকতে পারে। এ কারণে নিরাপত্তা কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।