আমেরিকান রাজত্ব ধরে রাখলেন সেরেনা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
টানা দ্বিতীয়বারের মতো ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বঞ্চিত করে ইউএস ওপেন শিরোপা ধরে রাখলেন সেরেনা উইলিয়ামস। ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথে বিশ্বের এক নম্বর খেলোয়াড়টি গত রবিবার রাতে দুর্দান্ত ও নাটকীয়তায় ভরপুর লড়াই শেষে ৭-৫, ৬-৭ (৬-৮), ৬-১ গেমে পরাজিত করেন দ্বিতীয় বাছাই আজারেঙ্কাকে।
এ জয়ের পর সর্বকালের হিসেবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম একক জয়ী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের (২৪) সাথে নিজের ব্যবধান সাতে নামিয়ে আনলেন সেরেনা। আর একটি শিরোপা জিতলেই আমেরিকানটি হবেন ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার (১৮টি করে) সমকক্ষ। অবশ্য জার্মানির স্টেফি গ্রাফকে (২২) ছুঁতে হলে সেরেনাকে জিততে হবে আরো পাঁচটি।
সেরেনা শিরোপা জিতে বছর শেষ করতে পারায় ২০১৩ সালে নিজেকে সফল বলে অভিহিত করেন। জীবন সংশয়ী এক ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছিলেন মৌসুম শুরুর বেশ খানিক পর। তবে রোলা গ্যারোর লাল কোর্টে শিরোপা জিতে সেরেনা বুঝিয়ে দেন বয়স কিংবা ইনজুরির কাছে এত সহজে হার মানছেন না তিনি। সময় গড়ানোর সাথে সাথেই আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠে সেরেনার র্যাকেট। ক্লে কোর্টের পাশাপাশি ঘাসের কোর্ট আর হার্ডকোর্টেও এ মৌসুমে সেরেনার পারফরম্যান্স ছিল রীতিমত ঈর্ষণীয়। চলতি বছরেই তিনি সবচেয়ে বেশি বয়সে মহিলা এককের শীর্ষস্থান দখল করার অনন্য রেকর্ড গড়েন মার্গারেটকে হঠিয়ে দিয়ে। তবে হঠাত্ করেই ধারার বিপরীতে উইম্বলডনের শেষ আটে হেরে যান স্বদেশী আমেরিকান স্লোয়ান স্টিফেন্সের কাছে। তাই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটা এই ৩১ বছর বয়সীর কাছে অনেকটাই ছিল ফিরে আসার চ্যালেঞ্জ।
শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা সেরেনার প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছিল এবার শিরোপার সঙ্গে কোন আপোষ করতেই রাজি নন তিনি। সেমিতে চীনের লি নাকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখা সেরেনা এদিন প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন বেশ কয়েক বছর ধরেই তার একমাত্র প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠা আজারেঙ্কাকে।
পুরো টুর্নামেন্টে আজারেঙ্কাও ছিলেন দারুণ ফর্মে। তাই টেনিস ভক্তরা প্রস্তুত ছিলেন জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায়। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা বৃথা যায়নি। প্রথম দুই রাউন্ডেই সেরেনার সাথে সমান তালেই লড়ে যান আজারেঙ্কা। যদিও দুই বারই শেষ হাসি হাসেন সেরেনাই। এরপর পাওয়ার টেনিসের দুর্দান্ত প্রদর্শনীতে শেষ সেটে এই বেলারুশিয়ানকে উড়িয়ে দিয়ে ফ্ল্যাশিং মিডোতে নিজের পঞ্চম শিরোপা নিশ্চিত করেন সেরেনা।
গ্যালারিতে বিল ক্লিনটন, জন ম্যাকেনরো, হলিউড সুপারস্টার হিউ জ্যাকম্যানের মতো বিখ্যাত ব্যক্তিদের সামনে বছরের দ্বিতীয় শিরোপা জিতে উল্লসিত সেরেনা বলেন, ‘আমি চলতি বছরটা নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলাম না। সত্যি বলতে কি, ফ্রেঞ্চ ওপেন জিতলেও অন্য দুটি গ্র্যান্ড স্ল্যামে আমার পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। এরমধ্যে একটিতে তো আমাকে শেষ আটের আগেই বিদায় নিতে হয়েছিল। কোন সন্দেহ নেই, অন্তত দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিয়ে বছর শেষ করতে পেরে আমি দারুণ আনন্দিত।’
অন্যদিকে আরো একবার খুব কাছে এসে আশাভঙ্গের বেদনায় পুড়তে হওয়া আজারেঙ্কার মুখেও ছিল সেরেনা স্তুতি। নির্দ্ধিধায় সেরেনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো খুব ভালো খেলতে পারিনি। তারপরও যা খেলেছি, তাতে খুশি। কিন্তু শিরোপা জিততে না পারাটা সবসময়ই নিদারুণ হতাশার। তবে আমাকে বলতেই হবে দুর্দান্ত এক খেলোয়াড়ের কাছে হেরেছি আমি। সেরেনা যেভাবে খেলেছে তাতে সে-ই শিরোপার দাবিদার।’