বেলের ‘মূল্য’ নিয়ে অসন্তুষ্ট জিদান
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
ফ্রান্সের কিংবদন্তী মিডফিল্ডার জিনেদিন জিদান জানিয়েছেন গ্যারেথ বেলের জন্য রিয়াল মাদ্রিদের ১০ কোটি ইউরো খরচ করার কারণ তার বোধগম্য নয়।
রিয়াল মাদ্রিদ গত মাসে বেলকে টটেনহাম থেকে আনার জন্য ইংলিশ ক্লাবটিকে ১০ কোটি ইউরো দিয়েছিল। এই ট্রান্সফারের কারণে বেল এখন পৃথিবীর সবচে দামী ফুটবলার। এর আগে ২০০১ সালে জিদানকে জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে আনার জন্য সাড়ে সাত কোটি ইউরো গুনে ছিল মাদ্রিদের ক্লাবটি।
জিদানের জন্য ব্যয়ীত ওই বিপুল অর্থকেও সেই সময় অনেকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। এমনকী জিদানের ঘনিষ্ঠ এক স্বদেশী তার জন্য ব্যয় করা অর্থের পরিমাণকে হতবুদ্ধিকর বলে উল্লেখ করেছিলেন। জিদান নিজেও তার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল সে সম্পর্কে মন্তব্য করে ফরাসী টিভি চ্যানেল প্লাসকে বলেন, ‘এখান থেকে দশ বছর আগে আমার জন্য সাড়ে সাত কোটি ইউরো খরচ করা হয়েছিল। আমি সেই সময় বলেছিলাম, আমার মূল্য এতো বেশি না। আমি মনে করি, বর্তমান সময়েও একজন খেলোয়াড়ের দাম এতো বেশি না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এটা ফুটবল। এখানে একজন খেলোয়াড়ের জন্য এতো অর্থ খরচের কারণ আমার কাছে দুর্বোধ্য।’
অবশ্য এমন মত দেয়ার পরমুহূর্তেই জিদান বলেন, তার এই মন্তব্য বেলকে অবজ্ঞা করার জন্য নয়। তিনি মনে করেন, বেল সান্তিয়াগো বার্নাব্যু থেকে অনেক কিছু শিখবেন। ফরাসী ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আমি তাকে বোঝাবো, বেল যা জানে সেই আলোকেই যেন সে খেলে। সে এমন একজন খেলোয়াড় যার অসাধারণ প্রতিভা আছে। গত তিন বছরে সে তার মেধার স্বাক্ষর রেখেছে এবং সেরা তিন খেলোয়াড়ের একজন। কিন্তু তার সামনে এখনো অনেক উন্নতির সুযোগ আছে। আমি মনে করি, মাদ্রিদের জন্য সে অনেক কিছু করতে পারবে।’
গত কয়েক মৌসুমে বিশ্বসেরা খেলোয়াড়দের কেনার জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করা রিয়াল মাদ্রিদের জন্য একটি অভ্যাসে পরিণত হয়েছে। এর আগে ২০০৯ সালের গ্রীষ্মে তারা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কাকাকে কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল।