স্কুলের জমি দখল করে ছাত্রলীগ নেতার দোকান নির্মাণ
নাজিরপুর (পিরোজপুর ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
উপজেলা সদরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসের মূল্যবান দশ শতাংশ জমি দখল করে প্যাথলজি ব্যবসার জন্য পাকা ইমারত নির্মাণ করছে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। আর এ অবৈধ ইমারত নির্মাণে সহযোগিতা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বেপারী ।
অভিযোগে প্রকাশ, কয়েক বছর আগে নাজিরপুর সদর হাসপাতালের প্রধান সড়ক সংলগ্ন বিদ্যালয়ের জমিতে একটি মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের মধ্যে ইজারা প্রদান করেন। অতিসম্প্রতি মার্কেটের দেয়ালের পেছনে বিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন, কম্পিউটার ল্যাব. ও একটি শ্রেণীকক্ষ ভবনের পাশের দশ শতাংশ জমির উপরে প্যাথলজি ব্যবসার জন্য পাঁচটি পাকা কক্ষ নির্মাণ কাজ শুরু করেছেন পিরোজপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য একেএমএ আউয়ালের কাছের মানুষ বলে পরিচিত ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। জানা গেছে, বিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন এবং পুরাতন শ্রেণীকক্ষ ভবনের মাঝখানে ছাত্রীদের চলাচলের জন্য রাখা একটি গলিপথ আটকে সেখানেও একটি কক্ষ নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকসহ কয়েক শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সকল নিয়ম-নীতি উপেক্ষা করে ক্যাম্পাসে ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করতে সাহায্য করছেন।