পরশুরাম ও শেরপুরে দু’জন খুন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
ফেনীর পরশুরাম ও শেরপুরে দু’জন খুন হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীর সদর উপজেলার গোহাডুয়ায় পারিবারিক বিরোধের জেরে রমজান আলী বাহাদুর (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে খালাতো ভাই মোহাম্মদ আবদুল্লাহ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত রমজান আলী বাহাদুর সদর উপজেলার মোটবী ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে। সে জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ (জাসাস) কালিদহ ইউনিয়নের সহ-সম্পাদক। হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদ আবদুল্লাহ পলাতক রয়েছে।
শেরপুর
গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে অপহূত তৃতীয় শ্রেণির ছাত্র রমজান সিকদার (৯) নামে এক শিশুর লাশ গতকাল সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জলকুড়ি গ্রামের ইসমাইল সিকদারের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রিপন ও হামিদুল নামে দু’জনকে আটক করেছে। জানা যায়, গ্রেফতারকৃত হামিদুল ও রিপন মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রমজানকে অপহরণ করে শেরপুরের নকলায় নিয়ে রাখে। সেখানে শিশুটি কান্নাকাটি করলে তাকে অপহরণকারীরা গলাটিপে হত্যা করে ব্রিজের নিচে জঙ্গলে ফেলে রাখে। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে গতকাল সোমবার ভোরে রমজানের লাশ উদ্ধার করে নকলা থানা পুলিশ।