সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
সাতক্ষীরা, মহেশখালী, কুড়িগ্রাম, চট্টগ্রামসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সাতক্ষীরা
সাতক্ষীরা কালিগঞ্জের পারুলিয়ায় গত রবিবার দুপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী শেখ শামিম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরবারাকপুর গ্রামের শেখ শফিউল্লার ছেলে। দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী (কক্সবাজার)
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছাড়ার নুনাছড়ি গ্রামে গত রবিবার দুপুরে নিপু আক্তার দেড় বছর বয়সের এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে মাহাম্মদুল্লাহর মেয়ে। শিশুটি রাস্তা পার হওয়ার সময় জীপ গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গাড়ির ড্রাইভার পুলিশের হেফাজতে রয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে গত রবিবার বিকালে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহুরুল হক দুলাল (৫৬) মারা গেছেন। তিনি কুড়িগ্রাম শহরের পৌরসভার হাটিরপাড়ের আব্দুল আজিজ বেপারীর পুত্র। সে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাশের হাটে রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সাথে কথা বলার সময় একটি মালবাহী ট্রাক তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম
নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় গত রবিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও ২ মহিলা আহত হয়েছে। আহতরা হলেন: শাহনাজ বেগম (৩০) ও মালেকা বেগম (৩৫)। আহত ২ মহিলা চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন রয়েছে।
এদিকে নগরীর ওয়াসার মোড় এলাকায় গত রবিবার সন্ধ্যায় সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে হুমায়ুন কবির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার সাংসারাবাদ গ্রামের বাসিন্দা।
বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজার বাসস্ট্যান্ডে গত রবিবার সকালে মোঃ সাখাওয়াত শেখ (৭১) নামে এক বৃদ্ধ বাস চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত সাখাওয়াত হোসেনের বাড়ি চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে। বাসটিকে আটক করা হয়েছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহরে ঊষা জুটমিলের সামনে গত রবিবার রাতে প্রাইভেট কারের চাপায় সজিব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগামী একটি প্রাইভেট কার চাপা দিলে সে গুরুতর আহত হয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ইটাখোলা গ্রামের শাহ্ আলমের ছেলে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে।