মংলায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
মংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে দু’শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এদিকে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে অভিভাবকের পক্ষ থেকে সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করা হয়েছে।
জানা গেছে, গত ৩১ আগস্ট চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও ইংরেজী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষার্থী বিশ্বজিত ও সুজিত অভিযোগ করে জানিয়েছেন, পরীক্ষার আগেই আর্থিক ও আত্মীয়তার সুবাদে অনিয়ম করে প্রশ্ন সরবরাহ করে পছন্দের প্রার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। এদিকে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আবেদন চেয়ে বাগেরহাটস্থ মংলা সহকারি জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেছেন ঐ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আবু মুছা হাওলাদারের পিতা আঃ আলী হাওলাদার। মামলায় বিবাদি করা হয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারকে।