সিদ্ধিরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বিএনপির নেতা-কর্মীদের ফুল!
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি মনে করে ভুলবশত স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের গাড়িতে ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। গত রবিবার দুপুরে বেগম খালেদা জিয়া নরসিংদী যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তার নিজ এলাকা চাঁদপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পে্ৗঁছলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। বেলা ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি শিমরাইল মোড়ে অতিক্রম করার সময় বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ি ভেবে ভুলবশত স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে উদ্দেশ্য করে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতে থাকে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক সফর আলী ভূইয়া সাংবাদিকদের জানান, এক মহিলা কর্মী ভুলবশত নেত্রীর গাড়ি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ফুল ছিটিয়ে দিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনাটি স্বীকার করে জানায়, বিএনপির নেতাকর্মীরা শিমরাইল মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের গাড়িতে ভুলবশত ফুল দিয়েছেন।