সাদিপুর সীমান্তে শিশুসহ ৪৭ জন আটক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
ভারতের কারাগারে জেল খেটে বাংলাদেশে ফিরে আসার পর রবিবার গভীর রাতে বেনাপোল’র সাদিপুর সীমান্তের ১৮ নম্বর পিলারের নিকটবর্তী কাঁঠাল বাগান এলাকা থেকে শিশুসহ ৪৭ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মতিউর রহমান জানান, বিপুল সংখ্যক লোক ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি’র একটি টহল দল রাত ৩ টার দিকে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৪৭ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।
তবে আটককৃত ময়মনসিংহের ইয়াসিন শেখ, জামালপুরের ইয়াছমিন ও যশোরের কেশবপুরের আকলিমা খাতুন জানায়, কাজের সন্ধানে তারা তিন বছর আগে কোলকাতা যায়। সেখানে যাওয়ার পর পুলিশি অভিযানে আটক হওয়ার পর তাদের আশ্রয় হয় দমদম কারাগারে।
তিন বছর সাজা খেটে শনিবার তারা মুক্ত হলে পুলিশ আমাদেরকে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ আমাদেরকে বৈধপথে না পাঠিয়ে রাত ৩ টার দিকে জোরপূর্বক সীমান্ত পথে বাংলাদেশে ঠেলে দেয়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।