শিক্ষক নেতার বিরুদ্ধে পরোয়ানা নিয়ে তোলপাড়
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
অবৈধভাবে শিক্ষক সমিতি গঠন করার অভিযোগে প্রতিপক্ষের দায়ের করা মামলায় কুমিল্লার এক শিক্ষক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার ওই পরোয়ানা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছলে এ নিয়ে শিক্ষক মহলে তোলপাড় শুরু হয়। জানা যায়, সুপ্রীম কোর্টের রায় ও সরকারি আচরণবিধি অমান্য এবং জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিক্ষক সমিতি গঠন ও পরিচালনার অভিযোগে কুমিল্লা মহানগরীর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহা-সম্পাদক সালেহা আক্তার বাদী হয়ে গত বছরের ১৫ জানুয়ারি ঢাকার কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় মুরাদনগর উপজেলার টনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. গাজীউল হক চৌধুরীসহ ১৪ জনকে আসামি করা হয়। গত বছরের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। রবিবার গাজীউল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ পৌঁছার পর জেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে তোলপাড় শুরু হয়।