বুদ্ধি প্রতিবন্ধী ফিরে পেল নিজ বাড়ির ঠিকানা

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে ঢাকার অপরাজেয় বাংলাদেশ নামের একটি এনজিও। তাদের কল্যাণে দীর্ঘ প্রায় দেড় বছর পর শনিবার নিজ বাড়ির ঠিকানা খুঁজে পেল কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড মিরপুর তালতলা মহল্লার মৃত মতিয়ার রহমান বিশু মোল্লার বুদ্ধি প্রতিবন্ধি কন্যা ময়না আক্তার চাঁদনী। জানা যায়, জন্মের কিছুদিনের মধ্যে বাবা-মা মারা যাবার পর ৮ বছর বয়সে এতিম চাঁদনীর ঠিকানা হয় প্রতিবেশী আব্দুর রশীদের ঢাকায় বসবাসরত জামাই পুলিশ কর্মকর্তার ঢাকার বাসায়। সেখান থেকে বছর দুয়েক আগে বাসার নিচে ময়লা ফেলতে এসে বাসায় ফেরার ঠিকানা ভুলে নিখোঁজ হয় চাঁদনী। সে সময় চাঁদনীকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। অপরাজেয় বাংলাদেশ এনজিও সূত্রে জানা যায়, গত বছরের ২৫ এপ্রিল ঢাকার একটি থানা পুলিশ চাঁদনীকে তাদের হেফাজতে দেয়। সেখানে দীর্ঘ দেড় বছর থাকা অবস্থায় এনজিও কর্মকর্তারা চাঁদনীর কাছে তার ঠিকানা জানার চেষ্টাকালে একপর্যায়ে চাঁদনী তার নিজ গ্রামের নাম কুষ্টিয়া মিরপুর তালতলা বলে জানায়। সেই সূত্র ধরে অপরাজেয় বাংলাদেশ এনজিও’র সোসাল ওয়ার্কার মনিরা বেগম ওইদিন দুপুরে চাঁদনীকে নিয়ে মিরপুরস্থ তার বাবার বাড়িতে পৌঁছায় এবং চাঁদনীকে তার বড় ভাই আনিছুর রহমান, হারুন আলী ও বছির উদ্দিনের কাছে হস্তান্তর করেন।