খুনের মামলা পুনঃতদন্তের দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন

নাগেশ্বরীতে খুনিকে বাদ দিয়ে নিরীহ মানুষের নামে চার্জশিট দেয়ার প্রতিবাদ ও মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। উপজেলা সদরের ১৫ কিলোমিটার দূরে কালীগঞ্জের বাঙ্গালের ভিটা গ্রামের প্রায় দু’হাজার মানুষ রবিবারের এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর ইসলাম, ইউপি সদস্য আজিমুদ্দিন, নিজামউদ্দিন, মোজাফ্ফর আলী, আ. রহমান মেম্বার, সিরাজুল হক মেম্বারসহ অনেকে। ২০১২ সালের ১৬ আগস্ট রাত ৯টায় উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী ভাতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী হাবিয়া বেগমের গলা কাটা লাশ বাড়ির পাশে পাওয়া যায়। নিহতের স্বামী আমজাদ হোসেন, ছেলে হাফিজুল ইসলাম ও সফিকুল ইসলাম ঘটনার দিন থেকে আত্মগোপন করে।