দুই বাংলাদেশি কৃষককে পিটিয়ে মারল বিএসএফ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তের গ্রাম মোহাম্মদপুরে গতকাল সোমবার সকালে বজলুর রহমান বজলু (৪৮) নামে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। বিজিবির ৩২ ব্যাটালিয়নের চিলমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার ইউনুস জানান, এ ঘটনার পর বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র দিলেও সাড়া মেলেনি।
এলাকাবাসী জানায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আজাহার আলীর ছেলে বজলু ভারত সীমান্তের ১৫৭/১ এস সীমানা পিলারের তিনশ’ গজ অভ্যন্তরে মাথাভাঙ্গা নদী থেকে কলমিলতা সংগ্রহ করছিল। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বিএসএফ ৯১ ব্যাটালিয়নের বাউশমারী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে লাঠি ও রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশটি একটি ডোঙ্গায় করে মাথাভাঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। অন্য কলমিলতা সংগ্রহকারীরা নদীর মধ্যে ডোঙ্গায় বজলুর লাশ ভাসতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, পঞ্চগড়ে বিএসএফ বাংলাদেশি গরু ব্যবসায়ী মনতাজুলকে পিটিয়ে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ১০ মিনিট স্থায়ী এই পতাকা বৈঠকে বিজিবি লাশ ফেরতের দাবি জানালেও বিএসএফ লাশ ফেরত দেয়নি। মনতাজুলকে শনিবার হত্যা করা হয়। তার গ্রামের বাড়ি বোদা উপজেলার মাল্টিডাঙ্গা গ্রামে।
এদিকে বিএসএফ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তের বাংলাদেশি এলাকা থেকে ৩৪টি গরু নিয়ে গেছে। গত রবিবার সন্ধ্যার আগে ভারতের সিমেন্ট্রী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই সীমান্তের ৪৪০নং মেইন পিলারের পাশ দিয়ে কাঁটাতারের গেট খুলে এসব গরু নিয়ে যায়।