এ রায় সীমান্ত হত্যা উত্সাহিত করবে: বাম মোর্চা

ফেলানী হত্যার পুনঃবিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি ফেলানী হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে বিএসএফ কোর্ট কর্তৃক বেকসুর খালাস দেয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। এই বিচার প্রক্রিয়াকে ‘প্রহসন’ হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, লোকদেখানো এই বিচার প্রক্রিয়া ও তার রায় সীমান্তে বিএসএফের এ ধরনের হত্যাকাণ্ডকে আরো উত্সাহিত করবে। বাংলাদেশের জনগণ এই বিচারকে কোনভাবেই মেনে নিতে পারে না।