সমঝোতা না হলে গ্রহণযোগ্য নির্বাচন কঠিন হবে
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেছেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতা না হলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এ নির্বাচনকালীন সময়ে তাদের গণতান্ত্রিক ধারাবাহিকতার এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন অনুষ্ঠানে যেসব জটিলতা রয়েছে তা অবশ্যই দূর করতে হবে। তিনি বলেন, আমরা আশা করবো, আওয়ামী লীগ ও বিএনপি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে পরস্পরকে সহযোগিতা করবে। গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক দীর্ঘ বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দলপতি মি. বার্জ, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের অর্থ বিষয়ক কর্মকর্তা মুয়াল্লা চিলাক্রি এবং নির্বাচন বিশেষজ্ঞ ক্রিস্টিনা অ্যালভের।
মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব সময় বিএনপি’র সাথে সংলাপে বসতে আগ্রহী। তবে আলোচনার জন্য সংসদই সবচেয়ে ভালো জায়গা। কেননা যদি কিছু পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেটা সংসদেই করতে হবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোন পরামর্শ দেয়নি। তবে সব দলের অংশগ্রহণ দেখতে চায় তারা। সংবিধান সমুন্নত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে তাদের আশ্বস্ত করেছে আওয়ামী লীগ। হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি ৫ সদস্যের দল আগামী ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা কাঠামো তারা পর্যবেক্ষণ করবেন। আগামী ১০ম জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশাল প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এরই অংশ হিসেবে এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি প্রাপ্তি প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধান দুই দলকে সংলাপে বসতে আহ্বান জানিয়েছেন জন কেরি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক চিঠিতে সেটাই বলা হয়েছে।