নিউইয়র্কে হাসপাতালের বিরুদ্ধে ‘মৃত’ রোগীর মামলা!
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
মৃত ব্যক্তিও মামলা করতে পারে! আশ্চর্যজনক হলেও সত্যি- পারে। যখন কোনো হাসপাতাল জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে এবং ওই ব্যক্তি এজন্য মামলা দায়ের করে। হাসপাতালের কাছে সে কিন্তু মৃত। নিউইয়র্কের একটি হাসপাতাল এরকমই এক বিপত্তিতে পড়েছে।
জুয়ান অ্যান্তনিও অ্যারিয়াস নামের এক ব্যক্তিকে ২০০৯ সালের মার্চে মৃত ঘোষণা করে নিউইয়র্কের হাসপাতাল দ্য ব্রুনক্স-লেবানন। আর মৃত হওয়ার কারণে অ্যারিয়াসের (৫৮) চিকিত্সা ভাতা বন্ধ হয়ে যায়। ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যাহার করে সরকার। আর এ খবর ২০১০ সাল পর্যন্ত জানতেন না অ্যারিয়াস। ওই বছর ভাতা তুলতে গিয়ে তিনি যে ‘মৃত’ সেটি জানতে পারেন। আর তখনই তিনি মামলা করেন হাসপাতালটির বিরুদ্ধে! এ পর্যন্ত তিনবার মামলা করেছেন ক্ষতিপূরণের আশায়। কিন্তু আইনজীবীর ভুলের কারণে দুইবার মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। এবার তৃতীয়বারের মতো মামলা। আশায় বুক বেধে আছেন, কিছু ক্ষতিপূরণ পাবেন এবার! -ইউপিআই