লন্ডনে আইনজীবী ফোরামের সেমিনার পণ্ড

তারেক রহমান সম্পর্কে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার বেফাস মন্তব্যের জের ধরে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের পূর্ব নির্ধারিত একটি সেমিনার পণ্ড করে দেয়া হয়েছে। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের কুইনমেরী ইউনিভা-র্সিটিতে যুক্তরাজ্য আইনজীবী ফোরাম ‘কনিস্টিটিউশনাল ক্রাইসিস ইন বাংলাদেশ এন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে। সম্প্রতি সৈয়দা আশরাফি পাপিয়া এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইকবাল হোসেনের মধ্যে একটি ফোনালাপ ফাস হয়। এতে দেখা যায়, ইকবাল হোসেন পাপিয়াকে টেলিফোন করে যুক্তরাজ্য বিএনপি’র নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির শিক্ষাগত যোগ্যতা, পেশা নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে পাপিয়া বলেন, তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে। সে নিজেই তো মেট্রিক পাস, সে আর ভাল লোক পাবে কোথায়। পাপিয়া আরো বলেন, এসব কারণে এ দল করতে আর ইচ্ছা করে না। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বেশ কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলের আশপাশে ঘোরাঘুরি করে। এক পর্যায়ে তারা ইকবাল এবং পাপিয়ার ফোনালাপের প্রসঙ্গ টেনে সভা বন্ধ করার কথা বলে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা অনুষ্ঠানের ব্যানার খুলে ফেলে দেয়। পুলিশ এসে উভয় পক্ষকে নিবৃত করে।