মেলান্দহের গান্ধি আশ্রম মুক্তি সংগ্রাম জাদুঘর
মো: শাহ্ জামাল, মেলান্দহ সংবাদদাতা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৬
জামালপুরের মেলান্দহে মুক্তি সংগ্রাম যাদুঘর গড়ে উঠেছে উপজেলার কাপাশহাটিয়া গ্রামের গান্ধি আশ্রমে। ১৯৩৪ সালে এর জন্ম। এর নেতৃত্বে ছিলেন মহাত্মাগান্ধি । ব্রিটিশ শাসিত ভারত বর্ষের স্বাধীনতা শৃঙ্গল মোচন, স্বদেশের হিত ব্রতে মানব কল্যাণ, অহিংস প্রতিষ্ঠা, সত্যাগ্রহ আন্দোলনের পথ ধরে কৃষক নেতা মরহুম নাসির উদ্দিন সরকার এটি প্রতিষ্ঠা করেন। নাসির উদ্দিনের জেষ্ঠ কন্যা বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী মরহুমা রাজিয়া খাতুন ছিলেন এর পরিচালক ।
তত্কালীন সময়ে গান্ধি আশ্রমের কার্যক্রম ছিল খাকী কাপড় বোনা, শিক্ষা, হস্ত-কারু শিল্প তৈরি, পাঠাগার, শরীর চর্চা, স্বাস্থ্য সেবাসহ বিবিধ কর্মসূচি। স্বদেশ প্রেমের চেতনায় দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করাই ছিল এ আশ্রমের লক্ষ্য। পাকিস্তানি শাসক চক্র ১৯৪৮ সালে কয়েকবার হামলা ও আক্রমণ চালিয়ে আশ্রমের বহু স্থাপনা গুঁড়িয়ে দেয়। এরপর ২০০৭ সালের ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে জাতিসংঘ আহূত আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনের মধ্য দিয়ে পুনরায় গান্ধি আশ্রমের যাত্রা শুরু হয়। মানব কল্যাণে গান্ধি আশ্রমের শুভাধ্যায় ও নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক একর জমির উপর পুরনো ঘরটি এ অঞ্চলের জনগণের মাঝে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কালের সাক্ষী।