নারায়ণগঞ্জে নদী ভরাট করায় ৫ লাখ টাকা জরিমানা

নদী ভরাট করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ দল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে আল মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ড্রাস্ট্রিজকে এই জরিমানা করা হয়। জমি ভরাট বন্ধকরণ ও ভরাটকৃত জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করা হয়। পরিদর্শন প্রতিবেদন থেকে জানা গেছে—আল মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কর্তৃপক্ষ চররমজান সোনাউল্লাহ মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত আরএস-৩৪০৯ নম্বর দাগের নদী শ্রেণিভুক্ত প্রায় ১ দশমিক ৪৭ একর জমি বালু দিয়ে ভরাট করে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনও ওই জমি ভরাটের সত্যতা স্বীকার করেছে। আল মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পক্ষে মালিক তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক নদী তীরবর্তী জমি ভরাটের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক এ ধরনের নদী ও জলাশয় ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং নিয়মিত অভিযান পরিচালনা করছে।