দুই মাসে রফতানি বেড়েছে ১৫ শতাংশ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৯
চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রথম দু’মাসে (জুলাই-আগস্ট) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। এসময়ে ৫২৪ কোটি ডলারের লক্ষমাত্রার বিপরীতের ৫০৩ কোটি ৭৭ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। অর্থাত্ লক্ষমাত্রা থেকে তিন দশমিক ৮৬ শতাংশ পেছনে রয়েছে। অন্যদিকে আগের অর্থবছরের একইসময়ে রফতানির পরিমাণ ছিল ৪৩৯ কোটি পাঁচ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, একক মাস হিসেবে গত আগস্টে আগের বছরের একই মাসের তুলনায় রফতানি বেড়েছে তিন দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে এ মাসের জন্য নেয়া লক্ষ্যমাত্রার চেয়ে ২০ দশমিক ৮৫ শতাংশ কম রফতানি হয়েছে। আগস্টে ২৫৪ কোটি ৩৭ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ২০১ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য। গত অর্থবছরের একই মাসে রফতানি হয়েছিল ১৯৫ কোটি ১৪ লাখ ডলারের পণ্য।
পরিসংখ্যানে দেখা গেছে, রফতানি আয়ের প্রধান নিয়ামক তৈরি পোশাকের মধ্যে নীটওয়্যার রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করলেও ওভেন পোশাক খাতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। আলোচ্য সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নীটওয়্যার খাতের রফতানি ১৭ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এসময়ে ২১০ কোটি ১৯ লাখ ডলারের রফতানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৬৯ শতাংশ বেশি। আর ওভেন পোশাক খাতে রফতানি হয়েছে ২০৫ কোটি ৮৪ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার তুলনায় চার দশমিক ৬৯ শতাংশ কম এবং গতবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯৮ শতাংশ বেশি।