অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সম্প্রীতি বাংলাদেশ

 ‘সম্প্রীতি বাংলাদেশের’ আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, জঙ্গি শনাক্তকরণ বিষয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এর সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কোনো সম্পর্ক নেই। প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপনটি উদ্দেশ্য প্রণোদিত।

পীযূষ বন্দোপাধ্যায় বলেন, দেশবাসীকে বিভ্রান্ত করতেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এমন অপপ্রচার চালিয়েছে। সম্প্রীতি বাংলাদেশ সংগঠনে অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

তিনি বলেন, সম্প্রীতি বাংলাদেশ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাম্প্রদায়িক জাতিস্বত্বার পক্ষে কাজ করে চলেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রীতি বাংলাদেশ সব মহলের সক্রিয় সহযোগিতায় সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় সক্রিয় রয়েছে এবং ভবিষতেও থাকবে। সম্প্রীতি বাংলাদেশ এর সঙ্গে যারা আছেন তারা সবাই দেশের সকল দুর্যোগ মোকাবিলায় বারবার অকুতভয় চিত্তে সক্রিয় থেকেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব), সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোয়িশনের সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার প্রমুখ। সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।