আগামীকাল মৃত্যুবার্ষিকী
সুফি বাউলসম্রাট শাহ্ আবদুল করিমকে নিয়ে কটূক্তি করায় সারাদেশে শিল্পীদের তীব্র নিন্দা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৬
আগামীকাল বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাধিক টিভি চ্যানেল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গুণী এই মানুষটিকে নিয়ে লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের একটি আপত্তিকর বক্তব্যে সারাদেশের শিল্পীসমাজ তীব্র নিন্দা জানান। বক্তব্যে তিনি বলেছেন, শাহ আবদুল করিম নাকি বাউল-ই না। এ ছাড়াও তিনি ব্যান্ড মিউজিককে কাকের গান হিসেবে উল্লেখ করেন। ব্যান্ড লালনকে নিয়ে তিনি নেতিবাচক মন্তব্য করেন। এই নিয়ে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক শিল্পী ফরিদা পারভীনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। রকলিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘আমরা কোনো প্রতিবাদ না করতে করতে তাদের বেফাঁস কথা যেন বেড়ে গেছে। ব্যান্ড মিউজিকের অবদান এ দেশের লাখো কোটি মানুষ জানেন। আর শ্রদ্ধার মানুষদের এ ধরনের মন্তব্যে তরুণেরা আর ক’দিন পর তো আদর্শ খুঁজে পাবে না। আর আমার মনে হয় ব্যান্ড মিউজিককে নিয়ে কথা বলার চেয়ে তার নিজের গানের চর্চা করাটাই বেশি জরুরি। তাকে ফেসবুক খুলে তরুণদের কিছু মন্তব্য পড়ার অনুরোধ জানাচ্ছি। আর কী করে তিনি সুফি বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে কটূক্তি করেন মাথায় আসে না!’
এদিকে শুধু আইয়ুব বাচ্চুই নন। মাকসুদুল হকও তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল ফেসবুকে হাজার হাজার তরুণ ফরিদা পারভীনের এই বক্তব্যের তীব্র নিন্দা জানান। অভিনেত্রী ইলোরা গওহর তার মন্তব্যে বলেন, ‘আমি তার মতো একজন সিনিয়র শিল্পীর বক্তব্যে অবাক না হয়ে পারলাম না। কীভাবে তিনি এত বাজে মন্তব্য করতে পারলেন। অন্যকে যদি তিনি শ্রদ্ধাই না করতে পারেন, তবে তাকে আমরা কীভাবে শ্রদ্ধা জানাব।’ এদিকে বাউল শাহ আবদুল করিমের এই বক্তব্যের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আরেক প্রখ্যাত বাউল কুদ্দুস বয়াতি বলেন, ‘যে শিল্পী অন্য শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন না। আমি মনে করি তার শিল্পী সত্তা থাকে না। আমি মনে করি ফরিদা পারভীন কোনো শিল্পীই না।’
এই তীব্র মন্তব্য এবং অনলাইনে প্রকাশিত খবরের পর শিল্পী ফরিদা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।