জ্যৈষ্ঠের এই প্রচণ্ড গরমে ঘরে বসেও যেখানে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, সেখানে বাইরে বের হলে তো কথাই নেই। প্রচুর ঘাম হয়ে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গিয়ে পানিশূন্যতা তৈরি করছে। আমরা শুধু পানির তৃষ্ণা লাগলেই পানি পান করি। আর এ কারণেই শরীরে খুব সহজে পানিশূন্যতা দেখা দেয়। আমাদের উচিত কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় পরপর পানি পান করা।
পানিশূন্যতা হলে মাথা ঘোরা বা মাথাব্যথা করা, দুর্বল লাগা, অবসাদগ্রস্ত হওয়া, মুখ শুষ্ক হয়ে যাওয়া, অতিরিক্ত পানি পিপাসা লাগা এবং প্রস্রাবের রঙে পরিবর্তন দেখা দেয়।
পানিশূন্যতা রোধে করণীয়— খাবার তালিকায় আমরা রসালো ফল যেমন— তরমুজ, বাঙ্গি, স্ট্রবেরি, কলা, আম, শসা ও টমেটো রাখতে পারি। এসব ফলে ৯০ শতাংশেরও বেশি পানি থাকে, যা পানিশূন্যতা রোধে খুবই কার্যকর। ফ্রেশ ফলের জুস খাওয়া যেতে পারে। ফলে বিদ্যমান ভিটামিন ও মিনারেল আমাদের শরীরে পানির ঘাটতি পূরণ করে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখে। ডাবের পানি পান করা যায়। ডাবের পানিতে প্রচুর সোডিয়াম ও পটাশিয়াম থাকে, যা পানিশূন্যতা রোধ করতে সাহায্য করে। খাবার তালিকায় শাক-সবজি বেশি করে রাখতে হবে। শসা, টমেটো, লাউ, মুলা, ক্যাপসিকাম, শাক— এগুলোতেও ৯৩ শতাংশ পানি থাকে যা শরীরে পানির ঘাটতি পূরণে সহায়ক। সবজির স্যুপ খাওয়া যায়। খাবার তালিকায় দই রাখা যেতে পারে। দই খুব সহজেই আমাদের শরীরের পানির চাহিদা পূরণ করে। দিনে অন্তত ১১-১২ গ্লাস পানি পান করতে হবে।
লেখক : পুষ্টি বিশেষজ্ঞ।