তালেবানের সঙ্গে আলোচনা শুরু করতে পাকিস্তানে সর্বদলীয় বৈঠক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০০
তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আহবানে সাড়া দিয়েছেন সেদেশের রাজনীতিবিদরা। সোমবার দেশটির প্রধান জোট ও বিরোধী দলের প্রতিনিধিরা সর্বদলীয় সম্মেলনে (এপিসি) মিলিত হয়ে সরকারকে তেহরিক-ই-তালেবানের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ গ্রহণের আহবান জানায়।
সর্বদলীয় সম্মেলনে প্রতিনিধিরা বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতি তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সকলের আস্থা প্রকাশ করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে সকলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ারও আহবান জানাচ্ছি। প্রতিনিধিদের পক্ষ থেকে একটি প্রস্তাব পাসের মাধ্যমে এ আহবান জানানো হয়। এ ধরনের একটি আলোচনার প্রস্তাব এর আগেও করা হয়েছিল। তখন নওয়াজ শরীফ তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন। অবশ্য পরে তালেবান এ আলোচনা থেকে পিছিয়ে যায়। পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানেরাও ওই আলোচনায় উপস্থিত ছিলেন।
তেহরিক-ই-তালেবানের প্রধান মুখপাত্র শহিদুল্লাহ শহিদ সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, তালেবান শুরা কাউন্সিলের বৈঠকে আগামী দু’দিনের মধ্যে এ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং তখনই ঠিক হবে পরবর্তী কর্মপন্থা। তিনি আরো বলেন, শান্তি আলোচনা শুরুর ব্যাপারে সরকার এই প্রথমবারের মতো একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলো।