রামগড়ে চাঁদা না পেয়ে গাছ কর্তন

আড়াই লক্ষ টাকা চাঁদা না দেয়ায় রামগড় উপজেলার প্রত্যন্ত গ্রাম কুমারিপাড়ায় ব্যক্তি মালিকানাধীন একটি বাগানের প্রচুর গাছ কেটে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা। বাগানের মালিক মো: আবু হানিফ জানান, একটি উপজাতীয় সন্ত্রাসী দল বেশ কিছুদিন থেকে তার কাছে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি এ চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি স্থানীয় পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দকে জানান। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা মোবাইল ফোনে তাকে নানা হুমকি-ধমকি দেয়। এরপরই ঐ সন্ত্রাসীরা প্রথমে তার ১০ একর জায়গায় নতুন সৃজিত বাগানের প্রায় আড়াই হাজার সেগুনের চারা গাছ কেটে দেয়। সর্বশেষ গত শুক্রবার গভীর রাতে ঐ সন্ত্রাসীরা তার বাগানের অর্ধশত লিচু গাছ কেটে দেয়। হানিফ মিয়া জানান, এ পর্যন্ত সন্ত্রাসীরা তার বাগানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। বাগানের পাহাদার কর্ণকুমার ত্রিপুরা জানান, ঐদিন রাত সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো দা দিয়ে লিচু গাছগুলো কেটে দেয়। এসময় সন্ত্রাসীরা তাদেরকে হুমকি দিয়ে ঘরের ভিতর আটকিয়ে রাখে। এদিকে গাছ কাটার খবর পেয়ে গতকাল সিন্ধুকছড়ি সাব জোনের মেজর আমিনের নেতৃত্বে সেনাবাহিনী এবং রামগড় থানার ওসি বেলাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। ওসি জানান, বাগানের মালিক থানায় মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।