সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ আট জন নিহত
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
মৌলভীবাজারে দুই ভাইসহ সোনারগাঁও, ধামরাই, সলঙ্গা, উল্লাপাড়া, রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও সংসদের সাবেক হুইপ আজিজুর রহমানের ছোট ভাই ও মৌলভীবাজার জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম নাজমুল (৪৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম নাজমুল মৌলভীবাজার শহরের চাঁদনিঘাট এলাকার বাসিন্দা। নিহতের বড় ভাই জেলা পরিষদের প্রশাসক মো.আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ)
সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী ও নয়াগাঁও এলাকায় গত রবিবার রাতে এবং সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী মো: দুলাল হোসেন (১৬) এবং রং মিস্ত্রী মো: ইকবাল হোসেন (২৭) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহম্মেদ জানান, রাজমিস্ত্রী দুলাল গত রবিবার রাতে কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপরদী এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। বাস চাপায় সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাইকেল আরোহী রাজমিস্ত্রী দুলাল মারা যায়। এদিকে রংমিস্ত্রী ইকবাল গত সোমবার সকালে মোটর সাইকেলযোগে মেঘনা শিল্প এলাকায় যাওয়ার পথে মহাসড়কের নয়াগাঁও এলাকায় এসে পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রামগামী অজ্ঞাত অপর একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রংমিস্ত্রী ইকবাল মারা যায়।
ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত দি একমি ওষুধ কারখানার ভিতরে মালামাল আনলোড করার সময় ট্রাকের চাপায় শ্রমিক লেবু মিয়া (৩০) নিহত হয়েছেন গত সোমবার। এসময় শ্রমিকরা ওই ট্রাক (ঢাকা মেট্রো ন-৮২৮৭) এর ড্রাইভার বাবুকে আটক করে পুলিশে দিয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
উল্লাপাড়ায় গত সোমবার বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার বুড়িরবাড়ি গ্রামের পাশে রুমা পরিবহনের ঢাকাগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত (পুরুষ) ও অপর ৬ যাত্রী আহত হয়েছে। নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, নিহত যাত্রীর লাশ তাদের থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
সলঙ্গা (সিরাজগঞ্জ)
সলঙ্গার ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ভুরিবাড়ী নামক স্থানে মাইক্রোবাস ও কোচের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার।
রায়গঞ্জ (সিরাগঞ্জ)
রায়গঞ্জে গত সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঢাকা অভিমুখী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-১৩৭২) ও বগুড়া অভিমুখী বাস (ঢাকা মেট্রো-ব-১১-০০৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং মাইক্রোবাসের যাত্রী অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৫০) ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে থানায় মামলা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত উভয় যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।
মাদারীপুর
মাদারীপুর-শরীয়তপুর সড়কের মহিষেরচর বড় মসজিদ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত লাল মিয়া সোমবার রাতে মারা গেছে। জানা যায়, চাঁদপুরগামী একটি ট্রাক সোমবার লাল মিয়াকে চাপা দেয়। মাদারীপুর সদর হাসপাতালে চিকিত্সা শেষে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেখানে সে মারা যায়।