বরিশাল-২ আসনে দু’টি দলের প্রার্থী ঘোষণা

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। গত রবিবার বিকেলে বানারীপাড়া কমিউনিটি সেন্টারে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শীহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে বরিশাল-২ আসনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছারউদ্দিনকে দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা মুহাম্মদ নেছারউদ্দিন বলেন- নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও দ্বীন প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের রাজনীতির মূল লক্ষ্য। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উজিরপুর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, বানারীপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী ইসমাইল হোসেন। এদিকে শনিবার বরিশাল জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় খান আসাদুজ্জামান মাসুমকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দু’দলের প্রার্থী ঘোষণা হওয়ায় বানারীপাড়া ও উজিরপুরে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।