গোয়ালন্দে বিএনপি নেতাকে বহিষ্কার
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৬
গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি গত সোমবার সাংবাদিক সম্মেলন করে সংগঠন পরিপন্থি কাজ করার অভিযোগে উপজেলা বিএনপি নেতা মুঞ্জুর আহমেদকে বহিষ্কার করেছে।
সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা ও পৌর বিএনপি সভাপতি রেজাউল হাসান যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দ বিএনপি’র সাবেক সভাপতি মুঞ্জুর আহমেদ গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথকভাবে কর্মসূচি পালনকালে নিজেকে উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে পরিচয় দেন। তার এমন কাজে নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। এ ঘটনায় তাকে গত ৮ সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সিদ্ধান্তে গোয়ালন্দ শাখার প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় এবং জেলা বিএনপি’র কাছে বহিষ্কারাদেশ কার্যকর করার অনুরোধ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন শেখ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন এবং ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।