কক্সবাজারে নির্মিত হচ্ছে ২০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র

কক্সবাজার শহরে ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন একটি বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে ফাতেমা গং এর দায়েরকৃত মামলার চূড়ান্ত রায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিউবো) অনুকূলে আসায় উপকেন্দ্র নির্মাণে সকল বাধা অপসারিত হওয়ায় নতুন এ উপকেন্দ্র নির্মাণে তোড়জোড় শুরু করেছে বিউবো। প্রায় ২ বছর আগে কক্সবাজারে ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন একটি বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য শহরের ঝিলংজা মৌজার ১৭০৪৫ ও ১৭০৪৭ দাগের আন্দরে ০.৭৫ (পৌনে ১ একর) একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত জমিতে অধিগ্রহণ পরিপন্থী কোনো স্থাপনা না থাকায় এবং আপত্তিকারীর কোনো আইনগত যুক্তি না থাকায় ২০১২ সালের ২ জানুয়ারি জমিটি অধিগ্রহণের জন্য চূড়ান্ত অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম জানিয়েছেন, জমির মালিকপক্ষের মামলার প্রেক্ষিতে অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। উচ্চ আদালতে ওই মামলার রায় বিদ্যুত্ বিভাগের পক্ষে আসায় নতুন উপকেন্দ্র নির্মাণে আর কোন বাধা রইল না। নির্বাহী প্রকৌশলী আরো জানান, কক্সবাজারে বর্তমানে দৈনিক বিদ্যুত্ চাহিদা ৫০ মেগাওয়াটেরও বেশি। অথচ শহরের ঝিলংজায় অবস্থিত বিদ্যমান বিদ্যুত্ উপকেন্দ্রটি মাত্র ৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। নতুন উপকেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে।