বিভিন্ন স্থান থেকে ৯ জনের লাশ উদ্ধার

বজ্রপাতে, পানিতে ডুবে, আত্মহত্যা করে বিভিন্ন স্থানে ৭ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি, অফিস ও সংবাদদাতাদের। শিবালয় (মানিকগঞ্জ) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বেগুননারচী ও শ্রীধর নগর গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে ২ জন কৃষক নিহত ও ২ জন আহত হয়েছে। বেগুননারচী গ্রামের মো. জাবেদ মণ্ডলের পুত্র মো. ঠান্ডু মণ্ডল (৫৫) এবং শ্রীধর নগর গ্রামের ফৈজদার সরদারের পুত্র মো. ভেজা সরদার (৬৫) বজ্রপাতে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে- মো. ঠান্ডু মণ্ডল বাড়ির সামনে বৃষ্টির সময় আখ কাট ছিল এবং মো. ভেজা সরদার বাড়ির পাশে বৃষ্টির সময় বোরো ধানের ক্ষেতে সেচ দিচ্ছিল। চট্টগ্রাম নগরীর বাঁকলিয়া থানা এলাকায় বলিরহাটের একটি খালের পানি থেকে পাঁচ মাস বয়সী এক কন্যা সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আরজু আক্তার মান্না (২২)। সে তার স্বামী-সন্তান নিয়ে কালামিয়ার বাজার এলাকায় থাকতো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ এখনো রহস্যজনক বলে বাঁকলিয়া থানার কর্মকর্তা এসআই মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন। এদিকে আরজু আক্তারের পারিবার জানায়, সে যৌতুকের বলি হয়েছে। তার স্বামী কাঠমিস্ত্রি মোহাম্মদ সেলিম প্রায়শ যৌতুকের জন্য তাকে তাগাদা দিতো। বগুড়া বগুড়ার ধুনটে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তানজিনা খাতুন নামে তিন বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার বিলকাজুলী গ্রামের নিজামউদ্দিনের মেয়ে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। এদিকে নন্দীগ্রামে পানিতে ডুবে নাইম নামে তিন বছরের এক শিশু মারা গেছে। নাইম নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের আসাদুল ইসলামের ছেলে। কালিয়াকৈর (গাজীপুর) কালিয়াকৈর উপজেলার সাহবাজপুর গ্রাম থেকে সোমবার সকালে মৌসুমী আক্তার(১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পিতার নাম মোঃ দুদু মিয়া। সে পার্শ্ববর্তী সাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। নাগরপুর (টাঙ্গাইল) প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের মৃত সেকু শেখের স্ত্রী কুলছুম বেগম (৪০) গত সোমবার দুপুরে ধুবড়িয়া উত্তর চকে বৃষ্টির সময় গরু আনতে গেলে ঘটনাস্থলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পাঁচবিবি গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিষপানে তাসলিমা (২২) নামের এক মহিলা আত্মহত্যা করেছে। পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন জানান, উপজেলার আটুল গ্রামের নূরে আমীনের স্ত্রী তাসলিমা বিষপান করে। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় বেলা ১১টায় তাসলিমা মারা যায়। এব্যাপারে পাঁচবিবি থানায় ইউডি মামলা হয়েছে। মিঠাপুকুর (রংপুর) মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার দুর্গামতি গ্রামের সৈয়দ আলীর বাড়িতে সোমবার বেড়াতে আসেন ঢাকার মিরপুরের যুবক জনি (২৫)। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে যমুনেশ্বরী নদীর শিবপুর ঘাটে ৪/৫ জন বন্ধুসহ গোসল করতে নামেন জনি। গোসল শেষে সবাই তীরে উঠে আসলেও জনি নিখোঁজ থাকেন। খবর পেয়ে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা। ভালুকা (ময়মনসিংহ) ভালুকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ১০টার সময় উপজেলার সোয়াইল গ্রামের খোরশেদ আলম তার ছেলে সপ্তম শ্রেণির ছাত্র আনছারুল ইসলাম (১৫) ও মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাইরুন্নাহারকে (১২) প্রাইভেট টিউটরের কাছ থেকে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং স্ত্রী আমেনা খাতুন (৩৮) ঘরে নেই। পরে আশেপাশে খোঁজাখোঁজির পর পাশের মামাশ্বশুর সিরাজুল ইসলামের বাড়ির পিছনে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী খোরশেদ আলম (৪৫), মামাশ্বশুর শামছুল ইসলাম ওরফে শামছু (৫৫) ও মামীশ্বাশুরি সিরাজুল ইসলামের স্ত্রী লাইলী বেগমকে (৫০) আটক করেছে। নিহতের গলায় তার শাড়ির আঁচল দিয়ে প্যাঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।