সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
দমারচরে ট্রলার ডুবিতে ২ জেলে নিহত
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা\ গত সোমবার সকালে হাতিয়া নিঝুমদ্বীপ সংলগ্ন দমারচরের মেঘনা মোহনায় ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে আশ্রাফ মেস্তরী (৩০) ও রাফুল উদ্দিন(২০)নামের দুই জেলে মারা যায়। মৃত জেলেদের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামে। লাশ দুটি উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জে মত্স্য চাষিদের কর্মশালা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওয়ার্ল্ড ফিস সিসা প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মত্স্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের হলরুমে মত্স্য চাষিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা সুরেশ চন্দ্র সরকার, ওয়ার্ল্ড ফিসের হর্টিকালচার ডেভেলপমেন্ট অফিসার কাজল বসাক, উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা শিরিন আক্তার, মো. হাবিবুর রহমান, সুরেষ চন্দ্র সরকার প্রমুখ।
চুহড় হাই স্কুলের কমিটি নির্বাচন সম্পন্ন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার চুহড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে ১নং ব্যালট প্রার্থী জাহাঙ্গীর আলম ৩৯১, ৪নং ব্যালট প্রার্থী রাজু মিয়া ৩৮৪, ৬নং ব্যালট প্রার্থী সাজু মিয়া ৩৮২, ২নং ব্যালট প্রার্থী বাদশা মিয়া ৩৩৩ ভোট পেয়ে এবং মহিলা অভিভাবক সদস্য পদে ২ নং ব্যালট প্রার্থিণী মোর্শেদা বেগম ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম।
বাঞ্ছারামপুরে পোনা মাছ অবমুক্তকরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলার তিনটি উম্মুক্ত জলাশয়ে ৩ শ’ ৫ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,জেলা মত্স্য কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, এ সময় উপস্থিত ছিলেন ।
জলঢাকা যুবলীগের বর্ধিত সভা
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর জলঢাকায় গত সোমবার উপজেলা যুবলীগের বর্ধিত সভা স্থানীয় যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য যুবনেতা শেখ আতিয়ার রহমান দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি অ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী, সম্পাদক শাহিদ মাহমুদ, মহিলা যুবলীগ সভানেত্রী আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
সোনাতলা পৌরসভায় মতবিনিময় সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত সোমবার সোনাতলা পৌরসভার খসড়া মহাপরিকল্পনার ওপর চূড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল। বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ (একুয়া কনসালটেন্ট) মির্জা জুবায়েদ হাসান প্রমুখ।
বানারীপাড়ায় জম্বদ্বীপ স্কুলে অভিভাবক সমাবেশ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ার জম্বদ্বীপ বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্রবীণ শিক্ষানুরাগী যতীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, মানবাধিকার কমিশনের সম্পাদক এস মিজানুল ইসলাম প্রমুখ।
ডোমারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ গত সোমবার নীলফামারীর ডোমার উপজেলায় ৩টি কীটনাশক দোকানে মেয়াদ উত্তীর্ণ ২শ’ বোতল কীটনাশক ও ছত্রাকনাশক জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কীটনাশক ও ছত্রাকনাশক বোতলগুলো নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনজারুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নওগাঁ পিটিটিআই’য়ে অভিষেক
নওগাঁ প্রতিনিধি\ নওগাঁয় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিটিআই) ২০১৩-১৪ ডিপিএড কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে গঠিত সাতটি পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এতে সভাপতিত্ব করেন নওগাঁ পিটিটিআইয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নান প্রামানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, পিটিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট আবু আব্দুল্লা মোঃ সানাউল্লাহসহ প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টরগণ।
উলিপুর প্রেসক্লাবে মতবিনিময়
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ উলিপুর ও চিলমারীর একাংশ নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ নাসিমা বানু গত সোমবার দুপুরে উলিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, বাহের সংবাদের প্রতিনিধি আলহাজ নূরবক্ত মিঞা, ইত্তেফাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম সরদার, সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজি প্রমুখ।
দুর্গাপুরে মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার দুর্গাপুরে ইইসিআর প্রকল্পের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে গত সোমবার জেলা পরিষদ অডিটরিয়ামে ২৫০ জন গরীব ও মেধাবী কিশোর-কিশোরীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক আশরাফুন্নেছা’র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি শাবনাজ জাহেরিন, গ্লোরিয়া ক্যাবেরিয়া প্রমুখ।
নবাবগঞ্জ কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গত সোমবার থেকে ১২ দিনব্যাপি নবাবগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও সমাপনী বর্ষের বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর সুজিত নারায়ণ কোঙরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সারোয়ার জাহান, আরিফ হোসেন প্রমুখ।
খোকসায় মাছের পোনা অবমুক্ত
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার খোকসায় উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে হাওর বিল, মুক্ত জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার খোকসা জানিপুর পাইলট মডেল স্কুল পুকুর ও থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোঃ মুস্তাফা কামাল, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার প্রমুখ।
চাটমোহরে দুই মাদকসেবীর কারাদণ্ড
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনার চাটমোহরে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম এই কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া গ্রামের আমিন উদ্দিন (৩৫) ও হান্ডিয়াল মিস্ত্রীপাড়া গ্রামের মোঃ লাবলু মিয়া (৩৪)।
রাজৈরে ওরিয়েন্টেশন কর্মশালা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ জেলা তথ্য অফিসের আয়োজনে ও রাজৈর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত সোমবার “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষক, নিকাহ রেজিষ্টারদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে কর্মশালায় বাল্য বিবাহ, গর্ভবতী মায়ের সেবা ও জনস্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার দীপংকর বর, উপজেলা ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ বারুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী প্রমুখ।
কালিয়াকৈরে ৩ ফল ব্যবসায়ীর জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফলের মধ্যে ফরমালিন মেশানোর অভিযোগে তিন ফল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জানা যায়, উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নাছরিন আলম সাথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সকালে ওই বাজারের বিভিন্ন ফল ও মাছের দোকানে অভিযান চালান। অভিযানে দোকানের ফলে ফরমালিন পাওয়ায় ব্যবসায়ী মো. হারেজ মিয়াকে ১০ হাজার, আবদুল বারেককে ৫ হাজার ও মো. শাহজাহান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই তিনটি দোকানের মালামাল সড়কের ওপর ফেলে নষ্ট করা হয়। তবে মাছে কোন ফরমালিন না পাওয়ায় মত্স্য বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।
নাজিরপুরে ভাগ্নের হাতে মামা খুন
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের নাজিরপুরে ঘুমন্ত মামাকে গলা কেটে হত্যা করেছে ভাগ্নে। গত সোমবার উপজেলার ষোলশত গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় নাজিরপুর থানা পুলিশ খুনি নিবাস শীল (৩০) কে গ্রেফতার করেছে এবং গতকাল মঙ্গলবার নিহত হেমলাল শীল (৬০) এর লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের ছেলে শ্যামলাল শীল বাদি হয়ে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শ্রীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অপূর্ব কুমার মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগ মাগুরার উপ-পরিচালক রাহাত আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা প্রমুখ।
তাড়াইলে স্যানিটেশন বিষয়ক নারী সমাবেশ
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত সোমবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াস কর্মসূচির উদ্যোগে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াস) বিষয়ক এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোসা. রাবেয়া আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হক প্রমুখ।
বিরামপুরে আশা’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আশা-দিনাজপুর (বিরামপুর) জেলার বিরামপুর-১ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। এ লক্ষ্যে গত সোমবার বিরামপুর উপজেলার কানচগাড়ী গ্রামে বিরামপুর-১ ব্রাঞ্চের ‘ফাল্গুনী’ ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে “কৃমি ও তার প্রতিকার” বিষয়ের উপর আলোচনায় অংশ নেন, আশা বিরামপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বর্মণ, বিরামপুর-১ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট শাখার ঋণ কর্মকর্তা দেবনাথ চন্দ্র বর্মণ।
আরিফ নূরের ঘটনায় বগুড়ায় মানববন্ধন
বগুড়া প্রতিনিধি \ গণজাগরণ মঞ্চের সংগঠক ও উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য নাট্যকার আরিফ নূরের ওপর মৌলবাদীদের হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুস সোবহান মিন্নু, নারী নেত্রী দিলরুবা নূরী প্রমুখ।
লাকসাম পৌরসভার রাস্তার সংস্কার শুরু
লাকসাম (কুমিল্ল¬া) সংবাদদাতা \ কুমিল্ল¬ার লাকসাম পৌরসভার জংশন-দরবেশপাড়া বাজার রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। গত সোমবার সকালে কুমিল্ল¬া-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম ও পৌর মেয়র আলহাজ মফিজুর রহমান সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ, রেলওয়ে থানার ওসি সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, কাউন্সিলর খলিলুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সহ-প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রমুখ।
দেবীগঞ্জে বাল্য বিয়ে রেজিষ্ট্র করায় জরিমানা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন নিকাহ রেজিষ্টার (কাজি) মোঃ আতাউর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট দেবীগঞ্জের ইউএনও মোঃ মাহবুবুল হক গত রবিবার বিকেলে কাজিকে জরিমানা করে অর্থ আদায় করে। জানা গেছে, উক্ত কাজি সরকারি নির্দেশ অমান্য করে এলাকায় একাধিক বাল্য বিয়ে রেজিষ্ট্রি করেছেন।
ধুনটে বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে সেকায়েফ প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ কর্মসূচির ৫৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মশিউর রহমান।