ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে আগুন, আটটিতে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আটটি গাড়ি। বুধবার রাতের এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুত্ফরের ২০ সমর্থকও আহত হন। তবে হামলার সময় প্রার্থী গাড়িবহরে ছিলেন না। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাহেদ হোসেন ভূঁইয়া জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে নাছিমার সমর্থকরা ফেরার পথে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। তারা হরষপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমানর ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছলে ৩০/৪০ জন রামদা, লাঠি, রড নিয়ে অতর্কিত গাড়িবহরে হামলা করে। এতে ফরিদ মিয়া, মামুন ভূঁইয়া, রাজা মিয়া, ইকবাল, মজিবুর, লিটন, আমির হোসেন, শফিকুর রহমান, গাড়ির ড্রাইভার লাক্ষু, রমজান, মোশাররফ গনি প্রমুখ আহত হন। মাধবপুর থেকে দমকলবাহিনী আসার আগে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মসিউজ্জামান ও ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৮ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা। তিনি কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুত্ফর রহমানের স্ত্রী।