খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করুন

উত্পাদিত খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মেলার আয়োজন করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম কেনার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটির সদস্যরা বলেন, কৃষক যদি তার উত্পাদিত খাদ্যশস্যের ন্যায্যমূল্য পায় তাহলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। খাদ্যশস্যের বাজার মূল্য ও দেশে খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনাকালে এ কথা বলা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে চাল ও গমের সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কমিটি খাদ্যশস্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। কমিটি সদস্যরা সাধারণ জনগণের পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে খাদ্যের পুষ্টিগুণ ও মান বৃদ্ধির জন্য খাদ্যের সঙ্গে পুষ্টি মিশ্রিত করে পুষ্টি মিশ্রিত চাল, গম বিতরণ ও বাজারজাত করতে প্রকল্প গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদাম নির্মাণের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সফলতার বিষয়টি ব্যাপক প্রচারের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জাফর আলী এবং মো. আকরাম হোসেন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাত্সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।