নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিত্সকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার তানভীর পারভেজ শুনানি করেন। তাকে সহায়তা করেন এডভোকেট হাবিবুর রহমান।