২০২২ বিশ্বকাপ
কাতার হয়তো ভুল সিদ্ধান্ত ছিল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
ফিফা সভাপতি সেফ ব্ল্যাটার গত সোমবার বলেন, ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে বেছে নেয়ার সিদ্ধান্তটা হয়তবা ভুল ছিল। সাধারণত যে সময়ে বিশ্বকাপ আয়োজিত হয় ঐ সময়ে মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপ, লাতিন আমেরিকাসহ অন্যান্য দেশ। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ বছরের শেষে নেয়ার কথা ভাবলেও বাদ সাধছে ইউরোপের দেশগুলোর ঘরোয়া ক্যালেন্ডার। বিশেষ করে ডিসেম্বর মাসে স্পেন, ইংল্যান্ড, ইতালি, জার্মানী এবং ফ্রান্সের পেশাদার ঘরোয়া লিগ নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটে ফুটবলারদের। ব্ল্যাটার এর আগে গত মে মাসে বলেছিলেন জুন-জুলাই মাসে কাতারে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তার মতে, বিশ্বকাপ ফুটবলে সারাবিশ্ব অংশগ্রহণ করে। শুধুমাত্র ইউরোপীয়ানদের কথা বিবেচনা করলেই হবে না।
ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় শীতকালে বিশ্বকাপ সরিয়ে নেবার প্রস্তাবটি গৃহীত হবে বলে ব্ল্যাটার আশাবাদ ব্যক্ত করেছেন।-বাসস