রুবেলের ফেরা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
এপ্রিল মাসে হারারেতে বাংলাদেশের হেরে যাওয়া টেস্টের পরপর ধরা পড়ল পক্সে আক্রান্ত রুবেল হোসেন। জাতীয় দলের আশেপাশে থাকা পেসারদের ইনজুরির লম্বা তালিকায় যোগ হল তার নাম। এরপর বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফরে আবার খেলায় ফিরেছেন। কিন্তু রুবেলের সেখানে যাচ্ছেতাই পারফরম্যান্স নির্বাচকদের কপালের ভাজ বাড়িয়ে দিচ্ছিল। কাল বগুড়ায় নির্বাচক হাবিবুল বাশারকে সাক্ষী রেখেই তাই যেন ক্যারিয়ার সেরা বোলিং করে ফেললেন রুবেল—৭.৪-৩-১৮-৬!
রুবেল যেন বলে দিলেন, চিন্তার কিছু নেই।
বাগেরহাট থেকে আসা এই পেসারের ক্যারিয়ার সেরা এই বোলিং নিশ্চয়ই জাতীয় দলের ম্যানেজমেন্টের চিন্তা কমাবে। সেই সঙ্গে রুবেলকেও একটু স্বস্তি দিচ্ছে বৈকী! এই স্বস্তিটা ম্যাচ শেষে লুকালেন না ‘আনঅর্থোডক্স’ এই পেসার, ‘দলের জন্য এরকম একটা বোলিং পারফরম্যান্স খুব কাজে দিয়েছে। সেটাই সবচেয়ে ভালো লাগছে। তবে নিজের জন্যও এটা খুব দরকার ছিল। সেই মাঠের বাইরে যাওয়ার পর থেকে আর ভালো করতে পারছিলাম না। অবশেষে ম্যাচে ৬ উইকেট পেয়ে বুঝতে পারছি, সবকিছু ঠিক আছে।’ খেলাঘরের টপ অর্ডারকে রুবেল একা হাতেই গুঁড়িয়ে দিয়েছেন। স্কোর বোর্ডে ১৭ রান জমা হতেই তুলে দিয়েছেন তাদের ৪ উইকেট। এরপর খেলার ৪০তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে আরও দুই উইকেট নিয়ে ৫০ ওভারের ম্যাচে প্রথমবারের মতো ৫ উইকেট বা তার বেশি শিকারের স্বাদ পেলেন। এসব রেকর্ড রুবেলের কাছে গুরুত্বপূর্ণ। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে ফিরে পাওয়াটা।