যে কোনো লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে চিকিত্সকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে পুলিশ অধ্যাদেশ (পিআরবি) অনুযায়ী ওই ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশ সুপার, আদালত ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে দিতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালত বলেছে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে আনার পরই লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে দ্রুত সেই রিপোর্ট সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। যদি বিলম্বে রিপোর্ট দেওয়া হয় তাহলে তা প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। আদালতের এই আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট।