কাগাওয়ার নৈপুণ্যে ঘানাকে হারাল জাপান

সিনজি কাগাওয়ার নৈপুণ্যে মঙ্গলবার নিজেদের মাটিতে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে ঘানাকে ৩-১ গোলে পরাজিত করেছে এশিয়ান চ্যাম্পিয়ন জাপান। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েসকেও একটা বার্তা দিয়ে রাখলেন কাগাওয়া। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম তিন ম্যাচের একটিতেও কাগাওয়াকে একাদশে রাখেননি ময়েস। অথচ এই মিডফিল্ডারের ৫০ মিনিটের গোলেই ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। ইয়াকোহামায় বৃষ্টিস্নাত ম্যাচে ফ্রাঙ্ক অপকু আচেমপংয়ের গোলে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানা (১-০)। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই কাগাওয়াও ঐ গোলের পর খেলার ৬৪তম মিনিটে জাপান এগিয়ে যায় ইয়াহোসিতো এনডোর গোলে। দেশের জার্সি গায়ে এটি ছিল এনডোর ১৩৬তম ম্যাচ। আর কেইসুক হোন্ডা ৭২তম মিনিটে আরো একটি গোল করে নিরাপদ দূরত্বে পৌঁছে দেন জাপানকে (৩-১)।